ছবি সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পরিবার গঠনে উৎসাহ দিতে এক নজিরবিহীন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রুপটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।
খবর প্রকাশ করেছে খালিজ টাইমস
এই উদ্যোগ শুধু বিয়েতেই সীমাবদ্ধ নয়। বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম নিলে ওই কর্মীকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য সুদৃঢ় পারিবারিক কাঠামোর বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আমিরাত সরকার দীর্ঘদিন ধরেই তরুণদের পারিবারিক জীবন শুরু করতে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। তবে দেশের নাগরিকদের ভবিষ্যৎ নিরাপদ ও সামাজিক সংহতি বজায় রাখতে বেসরকারি খাতেরও দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ হলেও স্থানীয় আমিরাতিদের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। জনসংখ্যাগত ভারসাম্য রক্ষা ও স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে সরকার ইতোমধ্যে একাধিক কর্মসূচি চালু করেছে। আল হাবতুর গ্রুপের এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মূলত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে একটি সুস্থ, স্থিতিশীল ও সুন্দর পারিবারিক জীবন উপহার দেওয়াই এই বৃহৎ অনুদান কর্মসূচির মূল লক্ষ্য।
সূত্র: খালিজ টাইমস

0 Comments