Header Ads Widget

ভারতে সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক



ভারতের আসাম রাজ্যে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবাহিনী জানায়, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। আসামের যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পর প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার একটি পাহাড়ি এলাকায় এটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ায় নির্মিত এই যুদ্ধবিমানটি বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট এয়ারফোর্স স্টেশন থেকে উড্ডয়ন করে। কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার সুখোই কোম্পানি তৈরি করেছে। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) দেশটির বিমানবাহিনীর জন্য এই মডেলের যুদ্ধবিমান তৈরি করছে।

১৯৯৭ সালে প্রথমবারের মতো এই যুদ্ধবিমান ভারতীয় বিমানবাহিনীর বহরে যুক্ত করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কার্বি আংলং জেলার বোকা জান মহকুমার বাসিন্দারা একটি বিকট শব্দ শুনে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন।

দুর্ঘটনায় নিহত দুই পাইলটের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় বিমানবাহিনী। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।

/ডিবি২৪ ডেস্ক

Post a Comment

0 Comments