ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) এসটিএফ এক বিবৃতিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বনগাঁ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ মার্চ রাত ও ৮ মার্চ ভোরের মধ্যবর্তী সময়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), যিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪), ঢাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধে জড়িত থাকার পর তারা দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান নেন এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
এসটিএফ জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে হাজির করার পর দুজনকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে হত্যার পর অভিযুক্ত দুই শুটার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর তারা প্রথমে একটি প্রাইভেট কারে মিরপুর থেকে আশুলিয়া হয়ে গাজীপুর হয়ে ময়মনসিংহে যান। পরে সেখানে গাড়ি পরিবর্তন করে অন্য একটি প্রাইভেট কারে সীমান্তের কাছাকাছি এলাকায় পৌঁছান। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
তবে ওই ঘটনায় জড়িত স্থানীয় সহায়তাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

0 Comments