ছবি:সংগৃহীত
জেলা প্রশাসন আগামী ২২ জানুয়ারি তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জেলা প্রশাসন কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ১৭ জানুয়ারি বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রায় ৪০০–৫০০ জন সমাগমে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বৃহৎ মঞ্চ তৈরি করে মাইকে রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়, যা নির্বাচনী আচরণবিধিমালা–২০২৫ এর পরিপন্থী।
এছাড়া, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে প্রার্থী তার সঙ্গে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং হুমকিসূচক বক্তব্য দিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, সমাবেশে উপস্থিত কিছু কর্মী ও সমর্থকরাও মারমুখী আচরণ করেন।
প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এর আগে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজের কাছে প্রেরণ করা হয়েছিল।
উল্লেখ্য, ওইদিন ইসলামপুর এলাকায় অনুষ্ঠিত সমাবেশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান নেতৃত্বে পরিচালিত আদালত এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। পরে প্রার্থী প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন।
সূত্র: নিউজ ২৪
স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়

0 Comments