বুধবার (১১ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ঘটনা ঘটাচ্ছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ এ কাজে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, দলের এক দায়িত্বশীল ব্যক্তি ব্যবসায়িক প্রয়োজনে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেলে তার সঙ্গে থাকা নগদ অর্থকে কেন্দ্র করে ‘ভিন্ন অর্থে’ প্রচার চালানো হয়। অথচ ব্যবসায়িক লেনদেনের জন্য নগদ অর্থ বহন করা স্বাভাবিক বিষয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে রংপুরে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে বলেও জানান।
জুবায়ের আরও অভিযোগ করেন, অতীতেও দলকে বিতর্কিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, সম্প্রতি কুষ্টিয়া সফরের সময় মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়ার খবর প্রচার করা হলেও পরে তা ভিত্তিহীন প্রমাণিত হয়।
জামায়াতের দাবি, নির্বাচনকে সামনে রেখে দল ও তাদের জোটকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। দলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

0 Comments