অনলাইন ডেস্ক
ডাক বাংলা ২৪ | নিজস্ব প্রতিবেদক
![]() |
ছবি:শহিদ শরীফ ওসমান হাদি |
জুলাই বিপ্লবের অগ্রসেনা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মামলার প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঁঞা তা আদালতে উপস্থাপন করতে পারেননি।
এ কারণে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানিয়েছেন।
এর আগে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করলে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
তদন্তভার পাওয়ার পর প্রধান আসামির ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং বর্তমানে কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।
/ডাক বাংলা ২৪ ডেস্ক

0 Comments