Header Ads Widget

ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ নিয়ে উত্তেজনা, বিএনপি নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক । ডাক বাংলা ২৪

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপির নির্বাচনি ইশতেহারের নাম ব্যবহার করে স্থানীয় এক নেতার বিরুদ্ধে সাধারণ নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। পণ্য না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তার বাড়ি ঘেরাও করে প্রতিবাদ জানান।

সোমবার নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল ওরফে জিলানী স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং মহানগরের এক প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর দাবি।

অভিযোগ রয়েছে, নির্বাচনের পরদিন থেকেই রাসেল ও তার স্ত্রী ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে ৫০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি শুরু করেন। রমজান মাসকে সামনে রেখে প্রায় ৩০০ পরিবারের কাছে এসব কার্ড বিতরণ করা হয়। কার্ডধারীদের জানানো হয়, এই কার্ড দেখিয়ে প্রতি মাসে ১,২৮৫ টাকায় ১,৭২৫ টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করা যাবে।

সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পণ্য সরবরাহ করা হয়নি বলে অভিযোগ ওঠে। দীর্ঘ সময় অপেক্ষা ও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে কার্ডধারীরা প্রতারণার আশঙ্কা করেন। পরে তারা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংপুর ছাড়াও বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় তিন শতাধিক কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড ক্রেতাদের অধিকাংশই নিম্নআয়ের নারী।

ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, তাদের বলা হয়েছিল এটি সরকার-সমর্থিত একটি উদ্যোগ। সকাল ১০টা থেকে অপেক্ষা করেও তারা কোনো পণ্য পাননি। ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ পরিকল্পনা থাকলেও এখনো তা বাস্তবায়ন শুরু হয়নি। কেউ যদি দলের নাম ভাঙিয়ে ব্যক্তিগতভাবে অর্থ আদায় করে থাকে, তা প্রতারণা—এবং প্রশাসনের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Post a Comment

0 Comments