Header Ads Widget

দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী



ঢাকার দোহার উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ফিরোজ আলম (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আলম স্থানীয় জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী এবং ওই এলাকার শেখ আনছারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৬ বছর আগে দোহার উপজেলার জয়পাড়া খাড়াকান্দা এলাকার পায়েলের সঙ্গে ফিরোজ আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই বিরোধ দেখা দিত। অভিযোগ রয়েছে, শুক্রবার ভোরে ফিরোজ ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন।

ফিরোজের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পায়েল পলাতক রয়েছেন।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি তাদের জানা আছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: DHAKA  MAIL

Post a Comment

0 Comments