Header Ads Widget

সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, পলাতক স্বামী

অনলাইন ডেস্ক

ডাক বাংলা ২৪ ডেস্ক | সাতক্ষীরা


সাতক্ষীরায় পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

নিহত গৃহবধূর নাম মোছাঃ তাসলিমা খাতুন (৩৬)। তিনি দুই সন্তানের জননী ছিলেন এবং চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার। তাসলিমা দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামান ও ফাতেমা খাতুন দম্পতির মেয়ে। তার স্বামী সাদ্দাম হোসেন মোড়ল যশোরের ঝিকরগাছা উপজেলার বেনাপোল এলাকার লোকমান হোসেন মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে তাসলিমার সঙ্গে সাদ্দামের বিয়ে হয়। তাদের সংসারে সাদিয়া (১৩) ও রুহান (৮) নামে দুই সন্তান রয়েছে। স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন ধরে সংসারে অভাব-অনটন ও পারিবারিক অশান্তি চলছিল। এক পর্যায়ে তাসলিমা বাবার বাড়ি থেকে একটি ছাগল এনে পালন করছিলেন। অভিযোগ রয়েছে, সেই ছাগল বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া বাধে।

অভিযোগ অনুযায়ী, ঝগড়ার এক পর্যায়ে সাদ্দাম হোসেন হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি পুরো এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। একজন অন্তঃসত্ত্বা নারীকে এভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments