সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানাধীন হাদিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুর গ্রামের আব্দুর রশিদের ভাটার পাশে অভিযান চালান। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় ভাটার উত্তর-পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে সন্দেহজনক দুটি বস্তা উদ্ধার করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তা দুটি খুলে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0 Comments